মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গত রোববার দিবাগত রাতে তাঁরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজায় আগত ভক্তদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বাংলার নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, দেশে মুসলিমরা মসজিদে নামাজ পড়বে, হিন্দুরা মন্দিরে পূজা করবে, খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করবে। যার যার ধর্মানুযায়ী তিনি সর্বোচ্চ মূল্যাবোধে তার ধর্ম পালন করবেন। এতে কেউ কাউকে বাধা দিবেন না। এর মধ্যেও মাঝে মাঝে কিছু সমস্যায় হয়। কিছু দুষ্ট লোক ঝামেলা করতে চায়। ওইসব দুষ্ট লোকদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
একই সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। কোন ষড়যন্ত্রকারী যেন অরাজকতার সৃষ্টি করতে না পারে, নির্বিঘ্নে, নিরাপদে এবং স্বাধীনভাবে দুর্গোৎসব পালনে জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার, সেগুলো নিশ্চিত করা হয়েছে।
তিনি আরো বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। এজন্য তিনি সবার অংশগ্রহণমূলক সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুুপার (রিভার) শ্রীমা চাকমা।
এছাড়া হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান সুুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ অক্টোবর, ২০২৩।
