হাজীগঞ্জে এবার অবৈধ ড্রেজার পুড়িয়ে ধ্বংস ও জরিমানা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযানে এবার অবৈধ ড্রেজার জব্দ নয়, পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ ও দ্বাদশগ্রাম
ইউনিয়নের কাপাইকাপ গ্রামে দুইটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস ও জমির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
জরিমানাপ্রাপ্ত জমির মালিক হলেন দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মৃত আবুল বাসারের ছেলে বোরহান উদ্দিন খাঁন। কৃষি জমি ধ্বংস করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ব্যবসায়ী পালিয়ে যান। তাই তার অনুপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অপর ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক পালিয়ে যান। এ সময় তাদের অনুপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, এখন থেকে অবৈধ সকল ড্রেজারে ধ্বংসসহ ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিককে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি বলেন, জনস্বার্থে এবং কৃষি জমায় রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহৃত ধাকবে।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং পৃথক পৃথকভাবে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিককে নগদ মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩টি ড্রেজার ধ্বংস করা হয়। এর আগে গত মাসে (জুলাই) উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ ও পৃথক-পৃথকভাবে নগদ মোট সাড়ে ৬ লাখ জরিমানা করা হয়।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিনগুলো জব্দ করার পর স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেয়া হতো। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের পর দুই/তিন দিন পার হলেই ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিকেরা জিম্মাদারকে না মেনে আবারো ড্রেজার চালু করে বালু উত্তোলন শুরু করেন।
এমন ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে এক ড্রেজার ব্যবসায়ীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জমির মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে এই ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিককে গত জুলাই মাসে ৫০ হাজার করে দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা না মানায় আবারো তাদের দণ্ড প্রদান করা হয়।
২৫ আগস্ট, ২০২১।
