ঢাকাস্থ ফরিদগঞ্জ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদগঞ্জ মেধাবীদের উর্বর ভূমি
….বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান

আ. ছোবহান লিটন
গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ঢাকাস্থ ফরিদগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা মেধাবী ছাত্র-ছাত্রীদের এক উর্বর ভূমি। এই অনুষ্ঠানে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের পাশাপাশি এই সংগঠনের এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা ও মানসিকতার পরিবর্তন ঘটাবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের মূল্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকেই এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে দেশের শিক্ষার হার অনেক গুণ বেড়েছে। সরকার বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে। তাই আজ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫ কোটি। যা বিশে^র ৫৫টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি।
বিভাগীয় কমিশনার আরো বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের বেশি করে পড়ালেখা করতে হবে। নিজের মধ্যে জ্ঞানের পরিধি থাকলেই তা অন্যকে বিলিয়ে দেয়া যাবে। পরিশেষে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষক ও সাংবাদিক রাসেল হাছানের সঞ্চালনায় ঢাকাস্থ ফরিদগঞ্জ সমিতির সভাপতি ও সাবেক সংসদ ড. শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসা থেকে ২০১৯ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বিশেষ সম্মাননা সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।