দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফরমফিলাপ করালো ইউথ বাংলা এ্যাসোসিয়েশন

রুহুল আমিন খান স্বপন
এসএসসি ও দাখিল পরীক্ষার ফরমফিলাপ শুরু হয় গত ২৫ অক্টোবর থেকে। সময় চলে যাচ্ছে কিন্তু ফরমফিলাপ করাতে পারছিলো না কয়েকটি অসহায় দরিদ্র পরিবার। সেসব দরিদ্র পরিবারের কাছে ছুঁটে যায় ইউথ বাংলা এ্যাসোসিয়েশন।
সংগঠনটির তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দেখা যায়, শিক্ষার্থীরা সব বিষয়ে পাস করার পরেও ফরমফিলাপ করতে পারছিলো না। এমন সব শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করতে কড়ৈতলী কেএ আলিম সিনিয়র মাদ্রাসায় ৪ জন এবং কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে ৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ফরমফিলাপ সম্পূর্ণ করে সংগঠনটি। এমন মহৎ উদ্দ্যেগে যেমনি ভাবে খুশি সহযোগিতা পাওয়া পরিবারগুলো তেমনি এলাকাবাসী থেকে শুরু করে সর্বস্থরের মানুষ। একঝাঁক তরুণের এমন ভাল কাজে এগিয়ে আসাকে স্বাগত জানিয়েছেন সমাজসেবীরা।
ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রাম থেকে একঝাঁক তরুণের হাত ধরে সংগঠনটি যাত্রা শুরু হয়। ইউথ বাংলা এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি সামাজিক ও শিক্ষামূলক কাজ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে ১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষা সামগ্রী প্রদান, দরিদ্র মেধাবী জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের যাতায়াত খরচ প্রদান। মাদ্রাসা ও স্কুলে স্পেশাল ক্লাস নেয়া। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, দরিদ্র মেধাবী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম-ফিলাপসহ আরও অন্যান্য।
ইউথ বাংলা এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মাহিদুল ইসলাম জানান, সংগঠনটি দরিদ্র মেধাবী এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। বিত্তবান ও সমাজ সেবকগণ যদি সংগঠনটির পাশে এসে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন এবং সবাইকে তাদের পাশে থাকার অনুরোধ করেন।