দলীয় মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিল

আপনাদের দোয়া ও ভালবাসার কারণে
প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন
………..মেয়র আওলাদ হোসেন লিটন

মাহফুজ মল্লিক
মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আওলাদ হোসেন লিটন দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পাওয়ায় নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণির মানুষজন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দলীয় মনোনয়নপত্র নিয়ে মতলব পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওলাদ হোসেন লিটন ঢাকা থেকে মতলবে আসলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে অভিনন্দন জানান।
মতলব সেতুর উপর অবস্থানকৃত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শত-শত নেতাকর্মী ও সমর্থকরা ফুলের তোড়া দিয়ে আওলাদ হোসেন লিটনকে বরণ করে নেন। পরে তিনি মতলবের নিজ বাসায় অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পৌরসভার সব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনকে নিয়ে কলেজ গেট থেকে মিছিল বের করে। মিছিলটি মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এনএএম টাওয়ারের সামনে উপস্থিত নেতাকর্মী, সমর্থক এবং পৌরবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে আওলাদ হোসেন লিটন বলেন, আপনাদের দোয়া ও ভালবাসার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন এবং নৌকা মার্কা দিয়েছেন। মতলব পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি ২৮ ফেব্রুয়ারীর নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে যে যার ভোট নিজ দায়িত্বে দিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। বিগত দিনগুলোতে যেভাবে আপনাদের পাশে থেকে সেবা করেছি আগামি দিনেও আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সেবা করতে চাই।
দলীয় মনোনয়ন পাওয়ায় চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।