দিনে দিনে সওজ’র খাল দখল বেড়েই চলছে….

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথের জায়গায় অবস্থিত খালের দখল বেড়েই চলছে। দিনে দিনে এবং সময়ের ব্যবধানে যে যার ইচ্ছেমতো খাল দখল করলেও তা যেন দেখার কেউ নেই। এতে করে জলাবদ্ধতাসহ কৃষি মাঠের পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, চাঁদপুর সদর থেকে কচুয়া উপজেলার জগতপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের খালটি কেউ মাটি দ্বারা সম্পূর্ণ ভরাট, কেউ আবার নামমাত্র নালা বা ড্রেন করে দোকান-পাট ও বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে খালটি দখলে নিয়েছেন কেউবা নিচ্ছেন।
প্রতিনিয়ত সড়কের কোথাও না কোথাও এই খাল দখলের কাজটি, যে যার প্রয়োজন ও ইচ্ছেমতোই করে চলছেন। এভাবেই দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চোখের সামনে খালটি ভরাট হয়ে যাচ্ছে, অথচ বিষয়টি দেখার যেন কেউ নেই। ভুক্তভোগী ও সচেতনমহলের প্রশ্ন, খালটি আর কত দখল হলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন?
স্থীরকৃত ছবিটি গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া সংলগ্ন এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত খাল থেকে তোলা। -ছবি ও প্রতিবেদক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

০৬ জুন, ২০২১।