মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগানে হাজীগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শনিবার (৫ জুন) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটির সভাপতি মোমেনা আক্তারের সভাপতিত্বে একং সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে ৫৪টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে দেশি ও উন্নত জাতের ছাগলের স্টল ১১টি, গরুর স্টল ২৩টি, ভেড়ার স্টল ১টি, ঘোড়ার স্টল ১টি. কবুতরের স্টল ৪টি, হাঁসের স্টল ৪টি, মুরগির স্টল ৪টি, সৌখিন পাখির স্টল ১টি, টার্কি মুরগির স্টল ১টি, কোয়েল পাখি ও কোয়েল পাখির ডিমের স্টল ১টি, পশু ও পাখির খাদ্যের স্টল ৩টি।
এছাড়া ঘাস হাইড্রোপলিক স্টল ১টি, সাইলেন্স শপিং মেশিন ইউরিয়া মোলাসিস মেশিনের স্টল ১টি ও বিভিন্ন কোম্পানীর পশু ও পাখির ঔষুধের স্টল ৫টি প্রদর্শনীতে অংশ নেয়। আমিষ জাতীয় খাদ্যের উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের জন্য দেশের সকল উপজেলায় উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রদর্শনীতে উৎপাদিত পণ্যের প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে সেরা স্টল ও খামারিদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। সেরা স্টল ও খামারি নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও একটি বাড়ি ও একটি খামারের উপজেলা সমন্বয়কারী শিউলী বেগম।
০৬ জুন, ২০২১।
