দুই ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জনের লড়াই

আজ মতলব উত্তরে ৪ ইউপিতে উপ-নির্বাচন

মতলব উত্তর ব্যুরো
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মতলব উত্তর উপজেলা জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে, মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ও ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ভোট লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২ জন প্রার্থী ও ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২জন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ভোট লড়াইয়ে জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আকতার হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী অ্যাড. খালেদ মোশাররফ (আনারস) ও খোরশেদ আলম (ঘোড়া)।
চেয়ারম্যান পদে ভোট লড়াইয়ে সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. হাবিবা ইসলাম শিফাত (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সেলিম সরকার (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন (ঘোড়া) ও নাজিম উদ্দিন সোহেল (আনারস)।
সাধারণ সদস্য পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে বিল্লাল হোসেন তপাদার (ফুটবল) এবং আজহারুল ইসলাম সেলিম (টিউবওয়েল)। ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে নৃপেন্দ্র চন্দ্র দাস (মোরগ) ও ভবতোষ চন্দ্র হালদার (ফুটবল)।
জহিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৪১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২২৫ জন ও নারী ভোটার ৫ হাজার ১৮৮ জন। কেন্দ্র ৯টি ও কক্ষ ২৯টি।
জহিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৮৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৩৬৮ জন। কেন্দ্র ৯টি ও কক্ষ ৪২টি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
২০ অক্টোবর, ২০২০।