দু’মাস যাবত ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ইয়াছিন মোল্লা (১১) নামে এক মাদ্রাসা ছাত্র প্রায় দুই মাস যাবত নিখোঁজ রয়েছে। গত ২৪ আগস্ট উপজেলার চর রাঘবরায় দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর শনিবার বিকেলে তার বাবা ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-৯৫২, তাং-১৯/১০/১৯) করেছেন।
ইয়াছিন মোল্লার বাবা লিটন মোল্লা জানান, প্রায় ৪/৫ মাস আগে চর রাঘবরায় গ্রামে অবস্থিত দারুল উলুম রশিদিয়া মাদ্রাসায় নাজারা শাখায় (আরবি) ভর্তি করান। এরপর থেকে সে বাড়ি থেকে প্রতিদিন মাদ্রাসায় আসা-যাওয়া করে করতো। গত ২৪ আগস্ট রাতে বাড়ি ফেরার সময় সে ঐ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদীর কাছে বলে, আমার আব্বা বলেছেন আমাকে আর এই মাদ্রাসায় পড়াবেন না। এরপর থেকে সে বাড়ি না ফিরে নিখোঁজ রয়েছে।
লিটন মোল্লা আরো জানান, দুইদিন বাড়ি না ফেরায় তিনি মাদ্রাসার অধ্যক্ষকে ফোন দিলে তিনি ঐ কথা জানান। পরে আত্মীয়-স্বজনসহ বহু স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান মেলেনি। গত শনিবার বিকেলে তিনি ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।