
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিদায়ী জনপ্রশাসন পদকপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাইকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। গত বুধবার বিকেল ৪টায় স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে দৈনিক চাঁদপুর খবরের পক্ষে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।
এ সময় মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমি চাঁদপুরকে আপন করে নিয়েছিলাম। চাঁদপুরের মানুষ অনেক ভালো, আতিথি পরায়ন। প্রতিটি কাজে চাঁদপুরের আপাময় মানুষের আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার পেয়েছি। চাঁদপুরের মানুষের কাছে আমি ঋণী। আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে থেকে ব্র্যান্ডিং জেলা চাঁদপুর জাতীয়ভাবে নাগরিক সেবায় সর্বোচ্চ জনপ্রশাসন পদক পেয়েছি। এটা আমার চাকরি জীবনে সবচেয়ে বড় পাওনা। এই চাঁদপুর থাকাকালীন আমি উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছি। এটা আরেকটা বড় অর্জন। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে নাগরিক সেবায় সেরা পুরস্কার পেয়েছি। সব অর্জনই চাঁদপুর থেকে। এজন্য আজীবন চাঁদপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। চাকরিকালীন যেখানেই থাকি চাঁদপুরকে স্মরণ রাখবো।
তিনি বলেন, ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে নিয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে অনেক স্বপ্ন দেখেছি। চাঁদপুরকে সুন্দর একটি জেলা করার উদ্যোগ ছিলো। কিছু বাস্তবায়ন করতে পেরেছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে। আশা করি পর্যায়ক্রমে সব ইনোভেশন কাজগুলো সকলের সহযোগিতায় বাস্তবায়ন হবে। ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে নিয়ে চাঁদপুরের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছি। এখানকার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাব, সাংবাদিক, সুশীল সমাজ, যুবসমাজ প্রতিটি ইনোভেশন কাজে সকলের আকুণ্ঠ সমর্থন পেয়েছি। এজন্য এই বিদায় মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তিনি দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এদিকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাইকে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনার উপ-প্রকল্প পরিচালক আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহান্সিং একসেসটু সার্ভিসেস (আইডিএ) প্রকল্পে বদলির আদেশ জারি করেন।
