দ্বাদশগ্রামে মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে
……….মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দ্বাদশগ্রাম ইউনিয়নে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শুধুমাত্র বিনোদনের উদ্দেশে যেন এই মেলা না হয়। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিজয় মেলা হিসেবে যেন উপস্থাপিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীদের মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী। তারাই উন্নত ও সমৃদ্ধ জাতির নেতৃত্ব দিবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার। তাই আগামি দিনের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে। তাদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শাহাজাহান প্রধানীয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ও স্থানীয় অ্যাড. মজিবুর রহমান প্রমুখ।
ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলের সার্বিক ব্যবস্থাপনায় এবং নাসিরকোট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাড. আব্দুর রহমান। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণাগারের ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোটে ডিগ্রি কলেজের পাশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল রয়েছে।