
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নাতনির বাড়িতে বেড়াতে এসে বোগদাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপায় আলী আহাম্মদ ওরফে আলী মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভাধীন ধেররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মিয়া উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নাতনি ফেরদৌসি আক্তারের স্বামীর বাড়ি পৌরসভাধীন খাটরা গ্রামের মুন্সী বাড়িতে দাওয়াত খেতে আসেন নানা আলী মিয়াসহ তার পরিবার। দাওয়াত খেয়ে জরুরি কাজ থাকায় এ দিন বিকালে তিনি একা একা গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৬৫) তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আলী মিয়া। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় জনতা হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বাসস্ট্যান্ডে এসে ঘাতক বাসটি আটক করে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
নিহতের নাতিন জামাই বাহাদুর শাহ জানান, শনিবার দুপুরে নানা শ্বশুর আলী মিয়া পরিবারের অন্যান্য লোকজনকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসেন। জরুরি কাজ থাকায় বিকালে তিনি, রামপুর বাজারের (কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজার) উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে ধেররা বাজারে বাস চাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যুর খবর শুণে হাসপাতালে ছুটে আসি এবং নানা শ্বশুরের মরদেহ সনাক্ত করি।
খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ঘাতক বাসটিকে আটক করে এবং নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, ঘাতক বাসটিকে আটক এবং নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
