নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে চাঁদপুরের দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চাঁদপুরের দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোস্তফা কামাল (৩৪) চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের বাসিন্দা ও মাইনুউদ্দিন (১২) ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল ও মঈনুদ্দিনের মৃত্যু হয়।
মোস্তফা কামাল চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড জিটি রোডের দক্ষিণ গণি মিজি বাড়ির আব্দুল করিম মিজির বড় ছেলে। তার মা-বাবা, সহোদর দু’ভাই ও স্ত্রী লুবনা আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
মোস্তফা কামালের বন্ধু আল ইমরান সরকার জানান, কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সে টিটু স্যার নামে সবার কাছে পরিচিত ছিলেন। গত বছর সে বিয়ে করেছে।
শহরের দক্ষিণ বিষ্ণুদী বায়তুছ ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ মাগরিব তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম মাও. মো. ইয়াছিন। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরজিরান্তি গ্রামের মহসিন খানের ছেলে মো. মাইনুদ্দিন নারায়ণগঞ্জের স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ২ ভাই ও ১ বোনের মধ্যে মাইনুদ্দিন ছিল সবার ছোট। গত শুক্রবার এশার নামাজ পড়তে গিয়েছিলেন ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে। নামাজ পড়ারত অবস্থায় ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মাইনুদ্দিন ভয়াবহ বিস্ফোরণের কবলে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকালে ইন্তেকাল করেন। ঐদিন রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
৭ সেপ্টেম্বর, ২০২০।