নারায়ণপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

প্রশাসন নীরব

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণের নারায়ণপুর বাজারে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালজুড়ি খালের সংযুক্ত নারায়ণপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত সারপাড় ও বাড়ৈগাঁও জোড়াখাল নামে পরিচিত শত বছরের পুরনো এ খালটি স্থানীয় প্রভাবশালীদের দখলের কারণে এখন তার যৌবন হাড়িয়ে বিলুপ্ত হওয়ার পথে।
জানা যায়, বোয়ালজুড়ি খালের সংযুক্ত খাল বাড়ৈগাঁও-সারপাড় জোরা খাল নামে পরিচিত খালটির নারায়ণপুর বাজার অংশে দীর্ঘদিন যাবত এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে খালের বিশাল অংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করে খালটি দখলে নিয়েছে।
কৃষি উৎপাদনে পানি সরবরাহ ও বর্ষার পানি নিষ্কাশনে খালটি দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃতপ্রায়। ভূমিখেকো প্রভাবশালীদের দখলের দাপটে পানির প্রবাহ ও পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় হাজার হাজার একর কৃষি জমির ক্ষতির আশংকার দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ও খালে পয়ঃনিষ্কাশনে কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেও স্থানীয় প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ এই খালটির উপর নির্ভরশীল হয়ে প্রতিবছর জমিতে ফসল ফলান তারা এবং বর্ষা শেষে বিলের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু অতি গুরুত্বপূর্ণ এ খালটি স্থালীয় কিছু প্রভাবশালীদের যোগসাজশে খালের বিশাল অংশ জবরদখল করে বহুতল ভবন নির্মাণের কারণে খালটি আজ যেন যৌবন হারাতে বসেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের নারায়ণপুর সাহেব বাজার অংশে খালের একাংশ দখল করে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের প্রবাসী মো. মঞ্জুর আহমেদ বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। সরকারি খালের পাশে ভবন নির্মাণের কাজ করতে হলে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে নির্মাণ কাজ করার কথা থাকলেও কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে খালের একাংশ দখল করে ভবন নির্মাণ করছেন তিনি। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে মো. মঞ্জুর আহমেদ খাল দখল করে ভবন নির্মাণের কাজ করছেন।
এদিকে সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ ছাড়া ভবনের কাজ বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও নায়েরগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা।
এলাকাবাসী জানান, স্থানীয় কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে মঞ্জুর আহমেদের মত পাশেই বহুতল ভবন নির্মাণ করেছেন জহিরুল ইসলাম মুন্সি, খোকন চন্দ্র দাস ও জসান আহম্মেদ গং।
এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুর আহমেদের ছোট ভাই মফিজুল ইসলাম জানান, আমার ভাই প্রবাসে থাকায় আমি কাজের দেখাশোনা করছি। স্থানীয় আমিন দিয়ে পরিমাপ করেছি। তবে সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করা হয়নি।
নারায়ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, নারায়ণপুর বাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ হচ্ছে এমন অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানানো হয়েছে। নিয়ম মেনে কাজ করতে হবে। যদি নিয়ম মানা না হয় তাহলে উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।