নৌকার বিজয়ে সবাইকে কাজ করতে হবে

বাবুরহাটে নির্বাচনী পথসভায় মাইনুল ইসলাম খান নিখিল

স্টাফ রিপোর্টার

আসন্ন চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে পৌর ১৪নং ওয়ার্ডে নৌকার পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বাবুরহাট মতলব রোডের মাথায় বাদশা খান মার্কেটের সামনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম খান নিখিল।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে। স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকার মার্কার সমর্থনে যার-যার অবস্থান থেকে প্রচার-প্রচারণা করতে হবে। জিল্লুর রহমান জুয়েলকে নির্বাচনে বিজয়ী করতে পারলে চাঁদপুর পৌরসভা একটি মডেল পৌরসভায় রুপান্তরিত হবে। পৌরসভার রাস্তা-ঘাট, ব্রিজ-কলভার্টসহ যাবতীয় কাজগুলো জিল্লুর রহমান জুয়েল যথাযথভাবে করতে পারবেন। জিল্লুর রহমান জুয়েল একজন সৎ, পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ। তার হাত ধরেই পৌরসভার সব সমস্যাগুলো সমাধান করা হবে। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীর হাতে নৌকা তুলে দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নৌকাকে বিজয়ী করতে সবাইকে সচেতন হতে হবে, কাজ করতে হবে। নৌকা উন্নয়নের মার্কা, স্বাধীনতার মার্কা, এ মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, সৎ মানুষের হাতে দেশ থাকলে দেশ দ্রুত এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি সন্ত্রাস, চাঁদবাজের দল, তারা দেশের ক্ষমতায় আসলেই দেশে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টি করার জন্য গোপনে গোপনে নৌকার বিপক্ষে কাজ করছে। শেখ হাসিনা দেশে ক্ষমতায় আসলেই দেশের উন্নয়নের গতি বেড়ে যায়। শেখ হাসিনা দেশে সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণ করছে। আওয়ামী লীগের আমলেই দেশের কাওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে। মাদ্রাসায় পড়লে কেউ সন্ত্রাসী হয় না, মাদ্রাসা থেকে আলেম-অলি হয়ে সবাই বের হচ্ছে। ভয়াবহ করোনাকালীন সময় বিএনপি অসহায়দের পাশে না দাঁড়িয়ে শুধু বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় বুলি দিয়ে যাচ্ছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর পৌর সভার নির্বাচনী কমিটির সদস্য সচিব আমিনুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান প্রমুখ।

এ সময় কেন্দ্রিয়  যুবলীগ নেতা সাব্বির আলম লিটু, খায়রুল ইসলাম, কামরুজ্জামান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান সাবনু, তাজুল ইসলাম মিজিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

৭ অক্টোবর, ২০২০।