নুরুল আমিন রুহুল এমপিকে ওয়ালী উল্লাহ পাটোয়ারী সম্মাননা পদক প্রদান


মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলকে ওয়ালী উল্লাহ পাটোয়ারী সম্মাননা প্রদান করা হয়।
দেশের প্রখ্যাত শিক্ষাবিদ মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর জন্মদিন উপলক্ষে মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ এডভোকেট নুরুল আমিন রুহুল এমপিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব একেএম শহীদুল্লাহ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক হারিছ মাহমুদ দীপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মাননা গ্রহণকালে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, মরহুম ওয়ালীউল্লাহ পাটোয়ারী শুধু মতলবই নয় শিক্ষা ক্ষেত্রে সারাদেশের উজ্জ্বল নক্ষত্র। আদর্শ শিক্ষার্থী তৈরীতে তিনি ছিলেন অদ্বিতীয়। আমরা মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসী করেন।
উল্লেখ্য, মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি প্রধান শিক্ষক থাকাবস্থায় সারাদেশে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন।বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ স্থানে এবং সমাজের উচ্চ স্তরে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন।