মামুনুর রশিদ বেলাল পৌরবাসীর খাদেম হিসেবে কাজ করতে চান
স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় শহরের বিপণীবাগস্থ ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হয়।
পৌর নির্বাচনে হাতপাখা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।
মেয়র প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল বলেন, শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ পৌরসভা গঠনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা। পৌরসভার উন্নয়নমূলক কাজের টেন্ডার হবে তবে টেন্ডারবাজি করতে দেওয়া হবেনা। ভেজালমুক্ত খাদ্য তদারকি ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ। পৌর উন্নয়নে বিশেষজ্ঞ কমিটি গঠন করা। বিশেষজ্ঞ কমিটির সাথে পরামর্শ করে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ীর নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি মওকুফ করা। ইজি বাইক (অটো) লাইসেন্স ফি অর্ধেক করণ। বাসা ভাড়া সহনশীলাবস্থায় আনয়নের জন্য হোল্ডিং ট্যাক্স ৪০% কমানো। পানির বিল ৪০% কমানোসহ বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা প্রদান। ইউটিলিটি সার্ভিস’ তথা নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করণ।
তিনি আরো বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ। হকারদের পূনর্বাসনের জন্য স্থায়ী বরাদ্দ এবং ছিন্নমূল ও ভ্রাম্যমাণ হকারদের পরিচয়পত্র প্রদান। পথিক এবং ভ্রাম্যমাণ মানুষের জন্য শহরের বিশেষ পয়েন্টে ৩০টি স্যানিটারী টয়লেট নির্মাণ করা। পৌর এরিয়ার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণের জন্য সাধ্যানুযায়ী নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান। ক্ষুদে টোকাইদের ঠিকানাবিহীন জীবন থেকে ফিরিয়ে আনতে পূনর্বাসন কেন্দ্র নির্মাণ। বয়স্কদের জন্য পৌরসভায় আলাদা বিশ্রামাগার তৈরি করা, কোন প্রকার হয়রানি ছাড়া তাদের কাক্সিক্ষত সেবা তাদের কাছে পৌঁছে দেয়া। নারী জাতির মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত পৌরসভা বির্নিমানে উদ্যোগ গ্রহণ। সংখ্যালঘুদের সার্বিক অধিকার নিশ্চিতকরণ। পৌর কবরস্থানে শীতাতপ নিয়ন্ত্রীত লাশ গোসল ও সংরক্ষণের সুব্যবস্থা করা। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান।
এসময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, চাঁদপুর পৌরসভার ভোটারদের প্রতি আবেদন সম্মানিত শান্তিকামী ও মুক্তিকামী ভাই ও বোনেরা চাঁদপুর পৌরসভার দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল, সীমাহীন অনিয়ম, অপরিকল্পিত কাজকর্ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উন্নয়নমূলক কাজে-কর্মে ক্ষমতাসীন দলের হস্তক্ষেপ চলে আসছে, তা নিরসন করে জনজীবনকে স্বাচ্ছন্দময় করে গড়ে তোলার জন্য আসন্ন পৌর নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে চাঁদপুর পৌরসভার ভবিষ্যৎ। আপনারা সম্মিলিতভাবে উপরোক্ত সমস্যাগুলোর আমূল পরিবর্তন ঘটাতে চাইলে আমি মামুনুর রশিদ বেলাল আপনাদের খাদেম হিসেবে কাজ করতে একান্ত আগ্রহী। একাজে সফলতা অর্জনের জন্য আমি আপনাদের দোয়া চাই। আমি ইশতেহারে যেসব কথা বলেছি জীবনের বিনিময়ে হলেও আমি তা বাস্তবায়ন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্। আমার প্রতি চাঁদপুরের শান্তিকামী, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষের ভালবাসা, পীর-মাশায়েখ এবং উলামায়ে কেরামগণের দোয়া এবং তত্ত্ববধান রয়েছে। এটাই আমার কাজের প্রেরণা। আমাকে ভোট দেয়া এবং নির্বাচিত করা মানে চাঁদপুর পৌরসভার আমূল পরিবর্তন ঘটিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করা বলে আমি মনে করি।
পরিশেষে সবার প্রতি আমার বিনীত আবেদন, আপনারা আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে চাঁদপুর পৌরসভার সার্বিক উন্নয়নে অবদান রাখা এবং পৌরবাসীর সেবা ও ইসলাম, দেশ মানবতার কল্যাণে কাজ করার সুযোগ দিন।
নির্বাচনী ইশতেহার ঘোষণায় সভাপতির বক্তব্যে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আপনারা জানেন উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। ১ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হলে ৭০ পার্সেন্ট চলে যায় বিভিন্ন টেবিলে। কাজ হয় ৩০ পার্সেন্ট। এই দুর্নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনের প্রার্থী যদি গণমানুষের ভোটে নির্বাচিত হয় তাহলে শতভাগ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলা হবে। দুর্নীতির শক্ত সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে আমরা যে ইশতেহার ঘোষণা করেছি এই ইশতেহার পুরোপুরিভাবে বাস্তবায়ন করবো। তিনি বলেন, ভোটের আগের দিন প্রশাসন প্রার্থীদেরকে ডেকে ভালো ভালো বয়ান করা হয়। কিন্তু ভোটের দিন হয়ে যায় তার ব্যতিক্রম। বিগত দিনে আমরা দেখেছি বহিরাগতদের উপস্থিতিতে দলীয় ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে সাধারণ ভোটারদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী, নির্বাহী সদস্য মাও. নুরুল আমিন, মাও. জুবায়ের আহমদ, জয়েন সেক্রেটারি অধ্যক্ষ গাজী হানিফ, সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিক উদ্দিন মিয়া, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ স্থানীয় সাংবাদিকরা।
৭ অক্টোবর, ২০২০।
