পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা

ইলশেপাড় ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা মহাসচিবের এই বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো বরকতের মাস। কেন না মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ এখন ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনাভাইরাসের আক্রমণে প্রতিদিনই অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, আক্রান্ত হচ্ছে অগণিত নানা বয়সী মানুষ। এই মরণব্যাধি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে হেফাজত করতে রমজান মাসে মহান আল্লাহর কাছে আমরা মোনাজাতই করব। আমরা মোনাজাত করব দেশ ও জাতির জন্য, জাঁতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।

১৪ এপ্রিল, ২০২১।