ইলশেপাড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর
হাজীগঞ্জ ব্যুরো
না, মাত্র ৭০ হাজার টাকার অভাবে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে না আবদুল্লাহ আল শিশিরকে। দৈনিক ইলশেপাড়ে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন দ্বীন মোহাম্মদ নামের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি রাজধানীতে ব্যবসা করেন এবং তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল্লাহ্ আল শিশিরের অপারেশনের জন্য ৭০ টাকা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে দ্বীন মোহাম্মদের দেয়া ৭০ হাজার টাকা অসুস্থ আব্দুল্লাহ আল শিশিরের মায়ের হাতে তুলে দেন দৈনিক ইল্শেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্। এ সময় দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ এএসএম কামরুজ্জামান টুটুল, আজকের দেশকণ্ঠের প্রতিনিধি ও ব্যবসায়ী রোটা. জাহাঙ্গীর হোসেন, শিশিরের খালু আবুল ফারাহসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার দৈনিক ইল্শেপাড়ের শেষ পাতায় এবং অনলাইন ভার্সনে ‘হাজীগঞ্জে মাত্র ৭০ হাজার টাকার অভাবে পঙ্গু হচ্ছে শিশির’ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ। এই নিউজটি ব্যবসায়ী ও সমাজসেবক দ্বীন মোহাম্মদের দৃষ্টিগোচর হয়।
তিনি মঙ্গলবার সকালে মোহাম্মদ হাবীব উল্যাহ্’র সাথে যোগাযোগ করেন। এরপর আব্দুল্লাহ আল শিশিরের অপারেশন বাবদ চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা পাঠান দ্বীন মোহাম্মদ। পরবর্তীতে টাকা নিয়ে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামে গিয়ে শিশিরের মায়ের হাতে ৭০ হাজার বুঝিয়ে দেন মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ উপস্থিত সংবাদকর্মীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
উল্লেখ্য, আবদুল্লাহ আল শিশির হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা নেই। পরিবারের বড় সন্তান হওয়ায় মাসহ ছোট ভাই ও বোনের ভরন-পোষনের দায়িত্ব তাকে নিতে হয়। তাই সে গার্মেন্টেসে চাকরি নেয়। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে সে। সম্প্রতি তার ডান পায়ে ভাস্কুলার রোগ দেখা দেয়। এতে করে তার পা ফুলে ফেঁপে ওঠে।
আব্দুল্লাহ আল শিশির স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোন উপকারে আসেনি। পরবর্তীতে ধার-দেনা করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসক জানান, শিশির ভাস্কুলার রোগে আক্রান্ত অর্থাৎ পায়ের রগ ব্লক হয়ে গেছে। অপারেশন করতে ৭০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু তার বিধবা মায়ের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়।
বিষয়টি আমাদের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্ জানার পর একটি মানবিক সংবাদ করেন। যা গত ১১ এপ্রিল দৈনিক ইলশেপাড়ের শেষ পাতা প্রকাশিত হয়। এর এই সংবাদ প্রকাশের সূত্র ধরেই আব্দুল্লাহ আল শিশিরের চিকিৎসা এগিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দ্বীন মোহাম্মদ। তিনি অপারেশন ও চিকিৎসা বাবদ পুরো ৭০ হাজার টাকা দিলেন শিশিরের পরিবারের হাতে।
১৪ এপ্রিল, ২০২১।
