
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে পিরোজপুরে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ লীগের শেষ ম্যাচে চাঁদপুর জেলা দলের কাছে ৯৯ রানে হেরেছে শরীয়তপুর জেলা ক্রিকেট দল। গতকাল রোববার পিরোজপুর স্টেডিয়ামে অংশ নেয় চাঁদপুর ও শরীয়তপুর জেলা ক্রিকেট দল। ম্যাচে চাঁদপুর জেলা দল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ২শ’ ৫৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে হানিফ ঢালী হীরা ৯৩, অধিনায়ক সাদ্দাম হোসেন ৩৫, তৌহিদুল ইসলাম বাবু ২৫, তোফায়েল ১৯ রান করে।
শরীয়তপুর জেলা দল ২শ’ ৫৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। শরীয়তপুর জেলা দল ৪৮ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১শ’ ৫৪ রান করে। চাঁদপুর জেলা দলের পক্ষে বল হাতে রনি ৩, শামিম ৩ ও মহসিন মুন্না ২টি করে উইকেট নেন। চাঁদপুর জেলা দল ৯৯ রানে জয়লাভ করে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, এবার জেলা দল খুবই ভালো খেলছে। আশা করি এ দল আগামিতে ২য় রাউন্ডে খেলার সুযোগ পাবে। জেলা দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামসুন্নাহার, ক্রিকেট উপ-কমিটির সম্পাদক অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির অনান্য সদস্যরা।
চাঁদপুর জেলা দলের ক্রিকেটাররা হলো- সাদ্দাম হোসেন, অলিভ বাবু, ফাতিন নেহাল ফাহিম, মোরসালিন খান, আলাউদ্দিন, শামিম হোসেন, জয়, হীরা ঢালী, সাইফুল ইসলাম, ইউনুছ, রনি, রিয়াদ, মুন্না, সায়েম, তোফায়েল ও সুমন। দলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম সোহাগ ও সঞ্জয় কর্মকার।
