মোহাম্মদ হাবীব উল্যাহ্
সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় হাজীগঞ্জ পৌরসভায় নতুন ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৮-১৯ অর্থ বছরে নতুন বরাদ্দকৃত পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ২২০ জন ভাতাভোগীদের মাঝে এই বই বিতরণ করা হয়।
এ নিয়ে হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের আন্তরিক প্রচেষ্টায় ৪ বছরে ভাতা পেলেন নতুন ১৭২৫ সুবিধাভোগী। যার মধ্যে বয়স্ক ভাতা ৫৫০ জন, প্রতিবন্ধী ভাতা ৩২৫ জন, বিধবা ভাতা ১০০ জন ও দুগ্ধভাতা পেলেন ৭৫০ জন মা।
মঙ্গলবার বই বিতরণের আগে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন সুবিধাভোগী ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপনাদের জন্য পৌরসভা ও আমার বাসার দরজা ২৪ ঘণ্টা খোলা রয়েছে। সেই সাথে আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের নির্দেশনা রয়েছে।
পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমাম হাছান শামিম, পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, কাউন্সিলর আবু বকর সিদ্দিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, এমরান হোসেন মুন্সী, আজাদ হোসেন, নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রানী, শাহিদা বেগম, জোহরা বেগম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা, ভাতাভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
৩ জুলাই, ২০১৯।
