ফরিদগঞ্জের সুবিদপুরে কৃষি জমি থেকে ইটভাটার মাটিকাটার অভিযোগ

নিষিদ্ধ ট্রাক্টর ব্যবহার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষি জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে অবৈধ ট্রাক্টর দিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এক ইটভাটার মালিকের বিরুদ্ধে শাকিল মোল্লা নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও ওসি ফরিদগঞ্জ বরাবার লিখিত অভিযোগ করেছেন।
শাকিল মোল্লা জানান, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের নাফিসা ব্রিক ফিল্ডের মালিক কবির পাটওয়ারী ইটভাটার জন্য ওই এলাকার দক্ষিণ সুবিদপুর গ্রামের কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে তার ইট ভাটায় নিয়ে যাচ্ছে। এতে করে ওই কৃষি জমিগুলো পতিত জমিতে পরিণত হওয়ার সাথে সাথে নিষিদ্ধ ট্রাক্টর অবাধে চলাচল করার কারণে সড়কগুলো নষ্ট হচ্ছে। এ ব্যাপারে তাকে বিষয়টি জানিয়ে বাঁধা দিতে গেলে বাঁধা না মেনে খারাপ আচরণ করছে স্থানীয় লোকজনের সাথে। ফলে বাধ্য হয়ে গত ১৩ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার ওসি বরাবর ব্যবস্থা নেয়ার দাবিতে লিখিত অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, সর্বশেষ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সড়কে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করেছে। অভিযোগটি এখনো হাতে পাননি, পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান।