ফরিদগঞ্জের সুবিদপুরে বিট পুলিশিং সভা

স্মার্টফোনের অপব্যবহার তরুণ সমাজকে অপরাধের দিকে টেনে নিচ্ছে
…………….মো. আফজাল হোসেন

নবী নোমান
শুক্রবার (২০ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ৪নং বিট পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ মুন্সীরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, কোন প্রকার অপরাধীদের আমরা ছাড় দিব না। মাদক ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যেখানে এ ধরনের অপরাধ সংঘটিত হবে সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন, যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হওয়া যাবে না। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয়। এই স্মার্টফোনের অপব্যবহার আমাদের তরুণ সমাজকে অপরাধের দিকে টেনে নিচ্ছে। এই ব্যাপারে অভিভাবক ও সমাজের সবাইকে সতর্ক থাকতে হবে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে এবং ৪নং সুবিদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মোস্তফা কামাল ঢালীর সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম টিটু মুন্সী, ৪নং বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাহার, ৪নং সুবিদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. পারভেজ আহমেদ, মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সিদ্দিকুর রহমান, মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, আ’লীগ নেতা শামীম মোল্লা, ইউপি নাজমুল হুদা, কামাল হোসেন, রুহুল আমিন, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, আবু হানিফ প্রমূখ।
বিট পুলিশিং সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২২ নভেম্বর, ২০২০।