নারায়ন রবিদাস/মনির হোসেন
ফরিদগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠার পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের মিজি বাড়ির জাকির হোসেন (৩৮) হার্ডওয়ার ইলেক্ট্রিক সার্ভিস ও একই গ্রামের আবু দাউদ নবী উল্লাহ (৫০) মুদি দোকানে অগ্নিকাণ্ড হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অগ্নিকাণ্ডের শিকার ওই দুই ব্যবসায়ী।
সরেজমিনে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার সময় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ৩টার দিকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে। ততোক্ষণে দোকানের কাছে এসে দেখে তাদের দীর্ঘদিন স্বপ্ন নিয়ে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুন জ্বলছে। তাদের ডাক-চিৎকারে আশেপাশের মানুষজন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
হাউমাউ করে কেঁদে এ প্রতিবেদককে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন জানান, আমার টিনসেড দোকানে দীর্ঘদিন যাবত ব্যবসা প্ররিচালনা করে আসছি। এতে আমার নগদ এক লাখ টাকাসহ সারা জীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে চলবে তার পরিবার-পরিজন নিয়ে বাকি জীবন, সেই চিন্তায় ভেঙে পরে মানসিক শক্তি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ ব্যবসায়ীর।
মুদি ব্যবসায়ী আবু দাউদ নবী উল্লাহ জানান, দীর্ঘদিন যাবত এই স্থানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। কখনো কোনো মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হইনি। কি কারণে আগুন লেগেছে, তা এখনো জানতে পারিনি। তবে এতে আমার পরিবার-পরিজন নিয়ে এখন বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে পড়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কোন কারণ জানা যায়নি।
১০ নভেম্বর, ২০২১।
