ফরিদগঞ্জে আধা কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পাঁচশত গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করার পর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে মাদক বিরোধি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রূপসা দক্ষিণ ইউনিয়নের মধ্য সাহেবগঞ্জ গ্রামের আইয়ুব আলী বেপারি বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে মো. হানিফ (৪১) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। অপরদিকে, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রুবেল ফরাজি চর-দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালি গ্রামের বেপারি বাড়ির রফিক বেপারির ছেলে কাদির বেপারি (৩৯) ও মৃত সৈয়দ ইসলাম চৌধুরির ছেলে মো. রাছেল (২৯) কে দুইশ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। এছাড়া, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ফরিদগঞ্জ পৌরসভাধীন রূপসা রোড এলাকা থেকে কাছিয়াড়া গ্রামের রাঢ়ী বাড়ির মৃত জামাল রাঢ়ীর ছেলে মো. মামুন রাঢ়ী (৩৪) কে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন পাঁচশত গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

০৭ জুলাই, ২০২১।