ফরিদগঞ্জে আ.লীগ মনোনীত প্রার্থী তালিকা জালিয়াতির অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তালিকা পরিবর্তনের অভিযোগ উঠেছে। ওই পরিবর্তনের সঙ্গে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এ অভিযোগ করেছেন।
এদিকে, এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিলে এ নিয়ে নিন্দা, ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদগঞ্জ প্রেসক্লাবে মৌখিক অভিযোগে করে বলেন, গত ২৯ নভেম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের একটি তালিকা মনোনীত করা হয়। ওই তালিকায় স্বাক্ষর করে কেন্দ্রে পাঠানোর জন্য দেয়া হয়। তাতে ১. আব্দুল কাদের খোকন ২. অহিদুর রহমান ৩. মহিউদ্দিন ইরান ৪. এসকান্দার আলী ৫. আব্দুস সাত্তার পাটওয়ারী ও ৬. নম্বরে জহিরুল ইসলামের নাম দেওয়া হয়েছিল। কিন্তু, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ওই তালিকা পরিবর্তন করেছেন। সভাপতি অভিযোগ করে বলেন, আমি জেনেছি আবু সাহেদ সরকার অর্থের বিনিময়ে এক নম্বরে থাকা নাম পরিবর্তন করে অহিদুর রহমানের নাম বসিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদের খোকন ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলীর ছেলে যুবলীগ নেতা রুবেল অভিযোগ করে বলেন, আমরা জেনেছি চূড়ান্ত তালিকার নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের সঙ্গে সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জড়িত।
এদিকে, দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আমরা দলের প্যাডে যে তালিকা প্রণোয়ন করেছি, সে তালিকা পরিবর্তন করেছেন সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। ঘটনাটি একাধারে দলীয় শৃংখলা পরিপন্থী, নৈতিক স্খলন ও ঐতিহ্যবাহী আওয়ামী লীগের জন্য অপমানকর। তিনি আরও বলেন, একটি তালিকা পরিবর্তনের খবর জানার পর এখন আশংকা করছি আমাদের সরল বিশ্বাস ভঙ করে তিনি এমন আরও ঘটনা ঘটাতে পারেন। এ ব্যপারে আমরা কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে চিঠি লিখবো।
এদিকে, এ বিষয়ে জানার জন্য ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

০৫ ডিসেম্বর, ২০২১।