ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হারুণ সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন তপাদারও গুরুতর আহত হয়। পরে সন্ত্রাসীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বেশ কিছু অটোরিক্সাও ভাংচুর করে।
জানা গেছে, বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও বিশ্বকাপ ক্রিকেট দলের দুই সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের পূর্ব বাজারে মার্কেন্টাইল ব্যাংকের সামনে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এসময় চেয়ারম্যানকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
অন্যদিকে যুবলীগ নেতা মহসিন তপাদার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।