ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামি, আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য ও মাদক বিক্রেতাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। পরে শনিবার সকালে আটকদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
গত শনিবার দুপুরে ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, উপজেলার পূর্ব আলোনিয়া গ্রামের বেপারি বাড়ির মাও. রুহুল আমিনের ছেলে রুবেল ও একই গ্রামের আ. রবের ছেলে রফিকুল ইসলামকে ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এদের মধ্যে রুবেল অপর একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
অপরদিকে, আন্তঃজেলা মেটরসাইকেল চোরচক্রের এক সদস্য পার্শ¦বর্তী রামগঞ্জ উপজেলার দলটা গ্রামের মুছলেউদ্দিনের ছেলে হুমায়ুন কবিরকে আটক করে। এছাড়া উপজেলার মানিকরাজ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এমরান হোসেন মিঠুকে প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ, উত্তর চর-বড়ালি গ্রামের ইস্কান্দরের ছেলে হুমায়ুন কবিরকে ১০ পিস ইয়াবাসহ, ওয়ারেন্টভুক্ত ৩ আসামি যথাক্রমে কাছিয়াড়া গ্রামের সৈয়দ আমিনের ছেলে সোহেল, গাজীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ফারুক খাঁন ও সেকদি গ্রামের আবুল বাশারের ছেলে ইসমাইল হোসেনকে, নিয়মিত মামলার আসামি দুই সহোদর আ. খালেক ও জাহাঙ্গীরকে ৫৪ ধারায় দুই আসামি জসিম ও আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। মাদকসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর সবাইকে শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বিভিন্ন অপরাধে উপরোক্ত ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।