ফরিদগঞ্জে ওসি শহিদ হোসেন ও পরিদর্শক (তদন্ত) বাহার মিয়ার যোগদান

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে মো. শহিদ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মো. বাহার মিয়া যোগদান করেছেন। মো. শহিদ হোসেন ইতোপূর্বে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে ও মো. বাহার মিয়া চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মো. শহিদ হোসেন ঢাকা জেলার সূত্রাপুর থানার কলতা বাজার এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি ২০০২ সালে জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে এমকম পাস করার পর ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন। ২০১৭ সালের ৩১ মে পদোন্নতি পেয়ে রাঙ্গামাটিতে ওসি ডিবিতে পদায়ন হয় তার। তারপর রাঙ্গামাটিতে ডিআইও-২ হিসাবে কর্মরত থাকাবস্থায় ২০১৮ সালে চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল ও পরে চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে কর্মরত থাকাবস্থায় চলতি বছরের ৪ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগদান করেন। গত ২১ অক্টোবর ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে তাকে পদায়ন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ের জনক।
অপরদিকে মো. বাহার মিয়া কক্সবাজার জেলার সদর উপজেলার পুরুষকুল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী। তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে স্নাতক পাস করার পর বাজশাহী বিশ^বিদ্যালয় থেকে এমপিএস পাস করেন। অতপর তিনি ২০০৯ সালের ৮ মার্চ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে রেঞ্জের সাতকানিয়া উপজেলার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। গত ২৪ অক্টোবর ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে তাকে পদায়ন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয়ের জনক।
২৮ অক্টোবর, ২০২০।