
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ও তরুণদের যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। গতকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বাজার ও আশে-পাশে প্রায় ১৮০ মাস্ক, দোকানে উপস্থিত জনসাধারণের মাঝে ৩ শতাধিক হ্যান্ড স্যানিটাইজারের বোতল, সচেতনতামূলক ১ হাজার হ্যান্ডবিল বিতরণ করেন তারা। এছাড়া মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক ফেস্টুন, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
পাশাপাশি ঐ অঞ্চলে বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান, সেলুন, হোটেল, সিএনজি, রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সার ভিতর স্যানিটাইজার দিয়ে স্প্রে করা হয় এবং স্যানিটাইজারের ব্যবহার পদ্ধতি দোকানদার ও সাধারণ জনগণের মাঝে এর ব্যবহার করা বিভিন্ন নিয়ম দেখিয়ে দেয়া হয় এবং সেলুনের ক্ষুর, কাচি, চিরুনী একজনের কাজ করার পর এবং চায়ের দোকানের চায়ের কাপ প্রতি একজন ব্যবহার করার পর গরম পানি দিয়ে পরিস্কার করতে পরামর্শ দেওয়া হয়।
এছাড়া শনিবার দিনব্যাপী সংগঠনটি ইউপি চেয়ারম্যানের অফিস থেকে বিদেশ-ফেরত প্রবাসীদের তালিকা সংগ্রহ করে এবং ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়েরেন্টাইন নিশ্চিত করে। প্রবাসীদের সম্পূর্ণ একা থাকতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন এবং প্রবাসীরা যেন ঘরের বাইরে কোন ঘোরাফেরা না করে সেজন্য পরামর্শ ও নিয়ম-কানুন অমান্য করলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে বলেও সর্তক করে দেন।
স্থানীয় বেসরকারি কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারগুলোতে যেন সরকার ঘোষিত নিয়মনুযায়ী সকল কার্যক্রম বন্ধ রাখে সে বিষয়ে একাডেমী পরিচালকদের অবগত করেন। জনসচেনতার এই কার্যক্রমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বসময় সংগঠনের পাশে থাকার ইচ্ছে ব্যক্ত করেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান শরিফ গাজী ইউপির অন্যান্য সদস্যরা।
যারা কাজ করেছেন তারা হলেন- বাহাউদ্দিন আবির, খলিলুর রহমান, ফয়সাল হোসেন, রফিকুল ইসলাম, জসিম শেখ, লিমন মজুমদার, নূরে আলম আলো, শেখ ফরিদ, সৈকত হোসেনসহ আরো অনেকেই। এরা সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
দিনব্যাপী জনস্বার্থে এই মহতী কার্যক্রমের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিভেটিং সোসাইটির নির্বাচিত সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আবির ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পরিচালক পারভেজ মোশারফ।
