ফরিদগঞ্জে কিশোরী অপহরণ করে ধর্ষণের অভিযোগে আটক ১

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (২৫) নামে এক পল্লী বিদ্যুতের ঠিকাদারের শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে গত বুধবার বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটক মিজানুর রহমান পঞ্চগড় জেলার সদর উপজেলার গোয়ালঝাড় গ্রামের ইউছুপ গাজীর ছেলে।
থানায় মামলা সূত্রে জানা গেছে, মাস দু’য়েক আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে মিজানুর রহমান ফরিদগঞ্জ পৌরসভাধীন সাফুয়া এলাকায় কাজ করার সময় পার্শ^বর্তী খেয়াঘাটের মাঝির মেয়ে ওই কিশোরীর সাথে পরিচয় হয়। পরবর্তীতে ঐ পরিচয় সূত্র ধরে মুঠোফোনে আলাপের এক পর্যায়ে গত ১ ডিসেম্বর রাতে মিজানুর রহমান ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীটি পালিয়ে এসে তার পরিবারকে ঘটনা জানায়। তখন মান-সম্মানের ভয়ে পরিবারের লোকজন কোনো প্রকার আইনের আশ্রয় গ্রহণ করেনি।
এরই মধ্যে মিজানুর রহমান ১৫ ডিসেম্বর রাতে আবারো ঐ কিশোরীকে অপহরণের চেষ্টা করলে পরিবারের লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে বুধবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
২০ ডিসেম্বর, ২০২০।