ফরিদগঞ্জে ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস পিচ উদ্বোধন

ফরিদগঞ্জে ফুটবল ও ক্রিকেটের ঐতিহ্য রয়েছে

………অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

নবী নোমান

বিশ^কাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী ও ১৯ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেনসহ প্রতিভাবান ক্রিকেটারদের করোনাকালীন সময়ে ফিটনেস ধরে রাখতে প্র্যাকটিস পিচ তৈরি করে দিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ। রোববার (১৯ জুলাই) দুপুরে প্র্যাকটিস পিচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

তিনি এ সময় তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর বহু দেশ আছে যার পরিচিতি আমরা জানি না। কিন্ত সেই দেশের একজন বিশ্বনন্দিত খেলোয়াড়ের কারণে ঐ দেশের মানচিত্র ও পতাকাকে আমরা সবাই চিনি। এজন্যই বিশ্বমানের খেলোয়াড়দের বলা হয় রাষ্ট্রদূত। এইসব খেলোয়াড়রা তাদের খেলার বয়স শেষ হয়ে গেলেও তাদের জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা মর্যাদাস্বরূপ দূত হিসেবে ব্যবহার করে।

তিনি আরো বলেন, আজকের সমাজ ও রাষ্ট্রের যুব ও কিশোররা অবক্ষয় রোধে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ক্রীড়াবিদদের এগিয়ে আসতে হবে। করোনার এই পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে জননেত্রী শেখ হাসিনা সরকার স্থানীয়ভাবে নানা পদক্ষেপ নিচ্ছেন, তারই একটি অংশ হচ্ছে এটি।

তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, আমাদের ফরিদগঞ্জে ফুটবল ও ক্রিকেটের একটি ঐতিহ্য রয়েছে। তা তোমরা ধরে রাখতে স্বপ্ন দেখাচ্ছো। সেজন্য তোমাদের বিশাল ভূমিকা রাখতে হবে। আমরা তোমাদের সার্বিক উন্নয়নে কাছে থাকবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমাননের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মুজমদার, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া প্রমুখ।

এসময় বিশ^কাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, ১৯ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেন, ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ জুলাই, ২০২০।