ফরিদগঞ্জে খাবারে বিষ মিশিয়ে ২ শিশু হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী এলাকার বড় বাড়িতে বিষ মেশানো খাবার খেয়ে সাইমুন (১৩) ও রাইসা (১১) নামে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় তাদের হত্যার উদ্দেশ্যে কেউ পরিকল্পিতভাবে বিশ মিশিয়েছে কি-না এ নিয়ে ওই বাড়িতে লোকজনের মধ্যে ব্যাপক গুঞ্জন ও ঐ বাড়ির বিভিন্ন পরিবারকে সন্দেহ করে চলছে উত্তেজনা। দুই শিশু বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে, গত সোমবার দিবাগত রাতের যে কোন সময়। তবে গতকাল মঙ্গলবার সকালে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে শিশুদের মা জানান, রাতে মাছের তরকারি রান্না করে রান্নাঘরের জানালার পাশে রাখা ছিলো। রাত ১০টার দিকে আমার ছেলে সাইমুন ও মেয়ে রাইসা দু’জনকে ওই মাছের তরকারি দিয়ে ভাত খেতে দিয়েছি। ভাত খাওয়ার কয়েক ঘণ্টা পর তারা পেট ব্যাথা ও বুকে জ্বলে যায় বলে চিৎকার করতে থাকে। পরে আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুদের বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সকালে ওদের অবস্থা আরো খারাপ হলে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে কত্যর্বরত চিকিৎসক বলেন, এটা বিষক্রিয়ার কারণে হয়েছে। পরে অবস্থা আরো খারাপ দেখে বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
শিশুদের বাবা কাতার প্রবাসী হান্নানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ বিষয় নিয়ে তিনি খুব চিন্তিত। স্ত্রীকে থানায় জিডি করতে বলবেন বলে জানান। তবে বিষয়টি একটি মারাত্মক ষড়যন্ত্র, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখা দরকার বলে মনে করি।
এদিকে সন্তানদের কথা চিন্তা করে তাদের মা অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনার পর বড়ালী এলাকায় শংকাময় অবস্থা বিরাজ করছে। সবার মুখে মুখে শুনা যাচ্ছে কে করলো এ কাজ, তাদের উদ্দেশ্যই বা কি ছিলো। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার বলে এলাকাবাসী মতামত প্রকাশ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাকিব জানান, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
২৯ জুলাই, ২০২০।