ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারী আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানা পুলিশ ২৩ পুড়িয়া গাঁজাসহ মিজানার রহমান (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। গত মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে রূপসা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল বুধবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। মিজানুর রহমান জামালপুর গ্রামের আখন বাড়ির মৃত রুহুল আমিন আখনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রুপসা বাজারের পূর্ব মাথায় ব্রিজের গোড়া থেকে মিজানুর রহমানকে ২৩ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে চাঁদপুর প্রেরণ করা হয়। পুলিশ আরো জানায়, মিজানুর রহমান এলাকায় চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় আরেকটি মাদক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ২৩ পুড়িয়া গাঁজাসহ মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ মে, ২০২১।