ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কাজল বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ রোববার (২৭ ডিসেম্বর) উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর রাঢ়ী বাড়ির মামুন হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।
জানা গেছে, ১০ বছর আগে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের সদ্য মৃত শাহজাহান মৃধা মেয়ের কাজল বেগমের সাথে রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মামুন হোসেনের সাথে বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কাজল বেগমের বোন রেখা জানান, বিয়ের পর থেকেই তার বোনকে নানাভাবে নির্যাতন করতো বোন জামাই মামুন হোসেন। এনিয়ে বহুবার সালিসী বৈঠক হয়েছে। ইতোপূর্বে তাকে কয়েক দফা টাকা দেয়া হয় বিদেশ যাওয়ার জন্য। মাত্র ১৭ দিন আগে তার বাবা শাহজাহান মৃধার মৃত্যু হয়। কয়েকদিন আগেও তাকে নির্যাতন করেছে। রোববার সকালে তার বোনের জামাই মামুন তাকে জানায়, তার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করা হয়েছে।
২৮ ডিসেম্বর, ২০২০।
