মনির হোসেন
ফরিদগঞ্জের বাড়ির ছাদ থেকে পড়ে কামরুল হাসান রিহাব (১১) নামে এক পিইসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের গোলাম আলী তপাদার বাড়িতে।
জানা যায়, গত শনিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে নিহত রিহাব নিজেদের বাড়ির ছাদে বসে ভিডিওকলে বাবার সাথে কথা বলছিলো। এ সময় হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রিহাবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত রিহাব স্থানীয় খাঁড়খাদিয়া গ্রামের বিজিবি সদস্য হারুনুর রশিদ দুলাল তপাদারের একমাত্র ছেলে। সে খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছরের পিইসি পরীক্ষার্থী ছিল।
নিহত রিহাবের জানাজা গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় তার পিত্রালয়ে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রিহাবের অকাল মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
