ফরিদগঞ্জ ব্যুরো
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে গত শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি।
সভায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্তকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
০৮ নভেম্বর, ২০২১।
