ফরিদগঞ্জে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন


উন্নত রাষ্ট্র হিসাবে গড়তে নারী শিক্ষার বিকল্প নেই
……..মোহাম্মদ শওকত ওসমান

আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি নারী। তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়তে নারী শিক্ষার বিকল্প নেই। নারীরা শিক্ষিত হলেই আগামি প্রজন্ম হবে সুশিক্ষিত। এতে করে বর্তমান সমাজের যেই অসংগতি তা দূর করা সম্ভব। নারীরা শিক্ষিত হলে সমাজ থেকে দূর হবে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-। একজন শিক্ষিত মা নিজের ও সমাজের বিভিন্ন দিকগুলো যেভাবে বুঝবে কিন্তু অশিক্ষিত মা সেগুলো সেভাবে বুঝবে না। শিক্ষিত মা জন্ম দিবে সু-শিক্ষিত সন্তান, আর তারাই গড়বে স্বপ্নের সোনার বাংলা। তাই পুরুষ শিক্ষার পাশাপাশি নারীদের শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ভিশন ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ার যে পরিকল্পনা তা বাস্তবায়নে নারী শিক্ষার প্রতি সবাইকে সচেতন করতে হবে। তবেই সুস্থ, সবল, মেধাবী সন্তান বেরিয়ে আসবে, আর তাদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, এটাই সবার প্রত্যাশা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
কর্মশালায় ইউনিয়নের ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০৩ অক্টোবর, ২০১৯।