ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে টিসিবির পণ্য বিক্রিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজানুর রহমান। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এতে থানায় দু’টি অভিযোগের বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সরেজিমনে জানা যায়, চান্দ্রা বাজারে কর্নেল আবু ওসমান চৌধুরী স্মৃতিস্তম্ভের পাশে টিসিবির পণ্য সংশ্লিষ্ট ডিলার বিল্লাল গাজী তার নিয়োগকৃত জনবল দিয়ে টিসিবি পণ্য যথানিয়মে বিক্রি করে আসছিলেন। এসময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে পণ্য বিক্রি না এলোমেলো অবস্থায় থাকা মানুষদের কাছে পণ্য বিক্রি করাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোল হয়। হট্টগোলের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থলে সৃষ্টবিরোধ মিটাতে গেলে অভিযুক্তরা মিজানুর রহমানের সাথেও তর্কে জড়িয়ে পড়ে। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আলাউদ্দিন (৩৮), মাইনুদ্দিন (৩৫), জাকির হোসেন (৩০) ও রাশেদ (২৮) সহ সংঘবদ্ধ একটি দল এসে ইউপি সদস্য মিজানুর রহমানের ওপর হামলা চালায়। ঘটনা সামাল দিতে টিসিবি পণ্য বিক্রেতা বিল্লাল গাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে আহত ইউপি সদস্য মিজানুর রহমানকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে শনিবার (৮ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদে ঐ ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে একটি আলোচনা সভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খবর পেয়ে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন স্বপন ইউপি সদস্যদের সাথে ঐ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আলোচনা সভা পরিচালনা করছেন। এসময় সংবাদকর্মীদের তিনি জানান, টিসিবির পণ্য বিক্রির স্থানে সমস্যা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আমার ইউপি সদস্য মিজানুর রহমান তার দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ঐ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।
টিসিবির পণ্য বিক্রিকারী বিল্লাল গাজী জানান, অভিযুক্তরা কার্ড ছাড়া টিসিবির পণ্য নিতে আসলে তাদের পণ্য দেয়া হয়নি। এসময় তারা আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে। ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বিরোধ মিটাতে গেলে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়। পরে আমরা ইউএনও স্যারকে জানালে ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন।
এদিকে অভিযুক্ত আলাউদ্দিন গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের খুঁজে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় থানায় দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার কার্যালয়ে গিয়ে সাক্ষাত না পেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, টিসিবি পণ্য বিক্রি নিয়ে যে ঘটনাটি ঘটেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করার জন্য আমি ইউএনওকে নির্দেশ প্রদান করবো।
০৯ অক্টোবর, ২০২২।
