ফরিদগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের রাঢ়ি বাড়িতে সুইটি আক্তার (২৪) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করেছে।
সুইটির শাশুড়ি ও স্থানীয় ইউপি সদস্যা রোকেয়া বেগম জানান, তার ছেলে রাকিব হোসেনের সাথে দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে সুইটি আক্তারের গত ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের রাইফুল (৫) ও ছায়েরা (২) নামে দু’টি সন্তান রয়েছে। রাকিব পেশায় ট্রাক চালক। সে ৬/৭ দিন আগে বাড়িতে আসে। গতকাল বুধবার রাতে তার কর্মস্থল উত্তরবঙ্গে ফিরে যাওয়ার কথা ছিলো। এরই মধ্যে বিকালে সুইটি সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৪ ফেব্রুয়ারি, ২০২১।