ফরিদগঞ্জে নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ফয়েজ খাঁন (১৮) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের শিপনের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফয়েজ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের লতিফ খাঁনের ছেলে। গত ২৮ মার্চ একটি অটোরিক্সা নিয়ে ফরিদগঞ্জে আসার পথে নিখোঁজ হয় সে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের কালী মন্দিরের পাশে শিপনের একটি পরিত্যক্ত ঘরে নিখোঁজ ফয়েজের মৃতদেহ পাওয়া যায়। এর আগে গত ২৮ মার্চ রাতে একটি অটোরিক্সা নিয়ে ফরিদগঞ্জ আসার পথে নিখোঁজ হয় ফয়েজ। পরদিন ২৯ মার্চ ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে তার পরিবারের লোকজন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া জানান, রাতে একটি পরিত্যক্ত ঘরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২ এপ্রিল সকালে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
০৪ এপ্রিল, ২০২১।