ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর গ্রামের হাটখোলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই বাড়ির সোহাগ আলমের একমাত্র ছেলে। এদিন বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং ওই বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশুর প্রতিবেশী মাও. হোসাইন আহমেদ চাঁদপুরী জানান, এ দিন সকালে ঘরেই খেলাধুলা করছিলো আরাফাত হোসেন। পরে পরিবারের অজান্তেই শিশুটি ঘর থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ নিখোঁজ হয়।
চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশু আরাফাত হোসেনের মৃত্যু হয়।