ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিদাতা যুবক আটক

ফরিদগঞ্জ ব্যুরো
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তি করা যুবক আব্দুল হাই (৩৫) কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। এর আগে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী ওই যুবকসহ দুইজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, গত ২৩ জুন ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয় যুবক আব্দুল হাই। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পরদিন থানায় লিখিত অভিযোগ করেন। একই সাথে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে দায়ের করা অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্তদের আটকে নেমে পড়ে পুলিশ।
পরে থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল হাই (৩৫) কে গ্রেপ্তার করে। আটক আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামে। তার বাবার নাম হাফেজ আহমেদ।
মামলার বাদী হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার ঘটনাটি দেখে তিনি তাৎক্ষণিক মামলার সিদ্ধান্ত নেন। এই যুবক বিএনপির রাজনীতির জড়িত বলে তিনি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়।

২৭ জুন, ২০২২।