ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে এসে সড়ক দুর্ঘটনায় খেলোয়াড়সহ ৬ জন আহত

ফরিদগঞ্জ ব্যুরো
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল খেলতে এসে সড়ক দুর্ঘটনায় পড়লেন খেলোয়াড় ও শিক্ষকসহ ৬ জন। সোমবার (২৭ জুন) বিকালে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ওনুআ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী খেলোয়াড় ও শিক্ষকরা গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আহতরা হলেন- ইসমাইল হোসেন (১১), সিয়াম হোসেন (১১), শিক্ষক ইভানা (২৯), ফেরদৌসি বেগম (৩৫), শিল্পী রানী (৪২) ও চালক মো. আতিক (৩২)।
জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (প্রাথমিক পর্যায়ের) উপজেলা পর্যায়ের সেমিফাইনাল খেলা ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছিল। সেই অনুযায়ী গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ও শিক্ষকরা অটোরিকশাযোগে সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে আসার পথে ওনুআ চত্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সা ভ্যানের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকায় গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড় ও শিক্ষকরা গুরুতর আহত হন। পরে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী ইসমাইল হোসেন ও শিক্ষক ৩ জনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর রেফার করে। অন্যরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

২৮ জুন, ২০২২।