নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লঞ্চযোগে ঢাকা যাওয়ার-আসার পথে কেবিনে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম গাজী (৩০) কে আটক করেছে। কাশেম গাজী উপজেলার কামালপুর গ্রামের গ্রাম পুলিশের সদস্য আক্কাছ আলীর ছেলে ও ৪ সন্তানের জনক। গত সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও মামলার বাদী প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী জানায়, এক মাস আগে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজীর ছেলে যুবলীগ নেতা আবুল কাশেম গাজীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় তার। এরপর রোববার সকালে স্থানীয় পাটওয়ারী বাজারে বাজার করতে যায় ওই গৃহবধূ। এসময় পাটওয়ারী বাজারের দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযুক্ত আবুল কাশেম গাজী ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে সিএনজি অটোরিক্সা যোগে চাঁদপুর ও পরে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যায়। আবার লঞ্চযোগে চাঁদপুর ফিরিয়ে নিয়ে আসে। লঞ্চযোগে ঢাকায় যাওয়া-আসার পথে কেবিনে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে সোমবার রাতে ওই গৃহবধূ তার থানায় মামলা দায়ের করলে পুলিশ আবুল কাশেম গাজীকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দায়েরকৃত মামলায় অভিযুক্ত আবুল কাশেম গাজীকে আটক করে মঙ্গলবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
১০ মার্চ, ২০২১।
