পৌর মেয়র মাহফুজুল হকের সংবাদ সম্মেলন
ফরিদগঞ্জ ব্যুরো
দীর্ঘ প্রতীক্ষিত ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনকল্পে নির্মাণ কাজ শুরুর টেন্ডার প্রক্রিয়া শুরুর প্রাক্কালে এ পর্যন্ত সার্বিক ভূমিকা রাখায় এবং দৈন্যদশায় পতিত বহুল কাক্সিক্ষত ফরিদগঞ্জ-রূপসা সড়ক নির্মাণে অবদান রাখায় ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোপূর্বে অনেক এমপি ফরিদগঞ্জে থাকলেও কেউই ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপনে সফলতা দেখাতে পারেননি। কিন্তু মুহম্মদ শফিকুর রহমান এমপি নিজে দায়িত্ব নিয়ে ফায়ার সার্ভিস স্টেশন অনুমোদন ও স্টেশন স্থাপন প্রক্রিয়া টেন্ডারকরণের জন্য নিরলস কাজ করেছেন। আগামি ২৭ অক্টোবর স্টেশন স্থাপনে টেন্ডার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, শুধুমাত্র একটি ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে ফরিদগঞ্জ বাজারসহ উপজেলা বিভিন্ন স্থানে প্রতিবছর লাখ-লাখ টাকার সম্পদহানী হয়েছে।
একই ভাবে মেয়র ফরিদগঞ্জ-রূপসা সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ঝুলে ছিল। কিন্ত বতর্মান সংসদ সদস্য নিজে মন্ত্রণালয়ে বারংবার গিয়ে ও ঠিকাদারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরুর ব্যবস্থা করে দিয়েছেন। এই রাস্তাটি নির্মিত হলে ফরিদগঞ্জ পৌরসভাবাসী ছাড়াও পূর্বাঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে। সেজন্য এমপি মহোদয়কে ফরিদগঞ্জ পৌরবাসী ও উপজেলাবাসীর পক্ষে তাকে কৃতজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন।
এসময় পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর জাকির গাজীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২১ অক্টোবর, ২০২০।
