
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বিশ্বের কাছে একটি স্মরণীয় ইতিহাস
……….মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, গত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। যা বিশ্বের কাছে একটি স্মরণীয় ইতিহাস। সরকার শিক্ষাকে এগিয়ে বই দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বছরের প্রথম দিন থেকেই পড়ালেখার প্রতি মনোনিবেশ করার জন্য। সরকার শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, বিনিময়ে তাদের চাওয়া একটাই ভালভাবে পড়ালেখা করা। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের একটি মেধাবী জাতি প্রয়োজন। যারা ভিশন-২০৪১ এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ভুমিকা রাখতে পারবে।
তিনি বলেন, পবিত্র কোরআনসহ প্রতিটি ধর্মগ্রন্থে শিক্ষার প্রতি বিশেষ মনোনিবেশ করার জন্য বলা হয়েছে। তাই আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও শিক্ষক মহসীন হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন, বিআরডিবির চেয়ারম্যান মোতাহার হোসেন, আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, কামরুল হাসান সউদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ। পরে তিনি মজিদিয়া কামিল মাদ্রাসায় এবং সকালে বালিথুবা আ. হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
