নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে বসতঘরে আগুন লাগার ফলে বেলী বেগম (৭০) নামে এক বৃদ্ধার আগুনে পুড়ে করুণ মৃত্যু হয়েছে। এসময় আগুনের লেলিহার শিখায় ওই বৃদ্ধার বসতঘরটিও পুড়ে ছাই হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত বেলী বেগম ওই ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামের হামিদ আলী হাজি বাড়িতে মৃত লনি মিয়ার বড় মেয়ে।
ওই বাড়ির প্রবাসী বাবুল হাজির স্ত্রী জান্নাত আক্তার জানান, রাতে হঠাৎ করেই আগুন দেখে ডাক-চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেলী বেগমকে বাঁচাতে পারেনি বাড়ির লোকজন।
বাড়ির লোকজন জানান, বেলী বেগম ঘরের ভিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুন লাগলো তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। স্থানীয় লোকজনের ধারণা, গ্যাস সিলিন্ডারের আগুনেই ঘর ও বৃদ্ধার মৃত্যু হয়।
বেলী বেগমের ছোট বোন মনি বেগম জানা যায়, আমার বোন বেলী বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। নিঃসন্তান বেলী বেগমের স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। স্বামীর বাড়ি সিলেট হলেও তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন। আগুনের সংবাদ পেয়ে হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, আগুন লাগার তথ্য জেনে ৫ জন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে এনেছে। কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, এখনো কিছুই বলা যাচ্ছে না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করেছি।
৩০ জানুয়ারি, ২০২২।
