মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাদক মামলার আসামি হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু (৪০)। শনিবার (২৯ জানুয়ারি) রাতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দের ঘটনায় তাকেসহ ৩ জনকে মাদক মামলার (নং-১৮) আসামি করা হয়। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির মো. নোয়াব আলী হাওলাদারের ছেলে।
মামলার অপর আসামিরা হলেন- হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সিরাজ খাঁন বাড়ির আবুল হাসেমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৬) ও ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির মো. বিল্লাল হোসেনের ছেলে মো. মেহেদী হাছান জুয়েল। তিন আসামির মধ্যে প্রাইভেটকারসহ আলমগীর হোসেন আটক এবং চালক হাবিবুর রহমান হিটু ও মেহেদী হাছান জুয়েল পলাতক রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ সংলগ্ন আলীগঞ্জ বাজারস্থ মজুমদার বালুর ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
এসময় প্রাইভেটকার চালক আলমগীর হোসেনকে আটক এবং মাদক সরবরাহে কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৭-৯৩২২) ও একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামি হাবিবুর রহমান হিটু ও মেহেদী হাছান জুয়েল পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই মো. আব্দুল আজিজ।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, এএসআই গোলাম ছামদানী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ফেন্সিডিল জব্দের ঘটনায় মাদক বিরোধী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি আটকের অভিযান অব্যাহত আছে।
৩০ জানুয়ারি, ২০২২।
