ফরিদগঞ্জে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে দক্ষিণ ধানুয়া এলাকার খাসের বাড়ির আবদুর রব মাস্টারের বসতঘরে ঘটে।
ডাকাতির শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার জাকির হোসেনের বাবা আবদুল রব মাস্টার জানান, বুধবার গভীর রাতে আগে থেকে ঘরে লুকিয়ে থাকা ডাকাত ঘরের দরজা খুলে দিলে ৪/৫ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আমাকে ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে জিম্মি করে ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, ৬/৭টি কাপড় ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ চৌধুরী জানান, খবর পেয়েই আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে গোলাম রাব্বানী ওরফে সিজার নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।